সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা

মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Dec 17, 2024

আজ ১৮ ডিসেম্বর,২০২৪ রোজ বুধবার চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবন-২ এর সেমিনার কক্ষে সকাল ১১:০০ ঘটিকায় “চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান সমস্যাসমূহ অবহিতকরণ এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত।

অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন হলেন এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা ও পালনকর্তা এবং মানবতার মুক্তির দূত বিশ্বনেতা হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হলেন বিশ্ববাসীর জন্য রহমত এবং সর্বোত্তম আদর্শ ।

তিনি বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেছেন, আর আপনি আপনার রবের অনুগ্রহের কথা জানিয়ে দিন।” (সূরা দুহা, আয়াত : ১১)

যাঁদের মহান আত্মত্যাগে আমাদের এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই সকল মুক্তিসংগ্রামী ও শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁদের অকুতোভয় সংগ্রাম যুগে যুগে আমাদের প্রেরণা যুগিয়েছে। সেই সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহীদদের ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

যারা আমাকে ভাইস-চ্যান্সেলরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন তাদের সকলের প্রতি, বিশেষ করে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা এর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে দূর্নীতি মুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজন। তাই, আমি কখনো দুর্নীতি করবো না ও দুর্নীতিকে প্রশয় দিব না। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত বলেন, সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করার জন্য চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ এর প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ে তুলতে আমাদের মিডিয়া পরিবারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোঃ বাইজীদ আহম্মেদ রনি ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষক সুষ্মিতা কর এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইসিটি বিভাগের শিক্ষার্থী ফারুক-ই আজম। পবিত্র গীতা থেকে পাঠ করেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী বাপন চন্দ্র দে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোঃ বাইজীদ আহম্মেদ রনি ও সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোঃ মোশাররফ হোসেন লিটন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করে চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ও আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মোহাম্মদ শওকত আলী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ। 

স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোঃ বাইজীদ আহম্মেদ রনি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিম্নোক্ত অতীব জরুরি বিষয়গুলো তুলে ধরেন।

• বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণ।

• বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক অস্থায়ী হল ভাড়া গ্রহণ।

• বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন বর্ধিতকরণের নিমিত্ত ভবন ভাড়াকরণ।

• বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপন।

• বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাব স্থাপন এবং লাইব্রেরি বর্ধিতকরণ।

• বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সেল গঠন।

• বিশ্ববিদ্যালয়ের IQAC Cell গঠন।

• বিশ্ববিদ্যালয়ে গবেষণা ক্ষেত্রে অনুদান এবং শিক্ষা বৃত্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ।

• চাঁদপুরে উপাচার্য মহোদয়ের নিরাপত্তার স্বার্থে উপাচার্যের বাসস্থান সুবিধাজনক জায়গায় ভাড়াকরণ।

• বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে ও উপাচার্য মহোদয়ের নিরাপত্তা বিধানের

   জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিশ্চিতকরণ। 

• বিশ্ববিদ্যালয়ে সামগ্রিক শৃঙ্খলা রক্ষার্থে প্রক্টরিয়াল বডি গঠন।

• বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ চালুকরণ ও অন্যান্য দপ্তর খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

• বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ/দপ্তরে জনবল নিয়োগ।

• বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য যানবাহন ক্রয়।

• বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার চালুকরণ।

• বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি, রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্ট চালুকরণ।

• বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য চাঁদপুর জেলা স্টেডিয়াম ভাড়াকরণ/ বরাদ্দকরণ।